ঢাকা: সরকার-টু-সরকার (জি-টু-জি)-এর আওতায় কক্সবাজারের মহেশখালীতে কুতুবজোম ভাসমান এলএনজি টার্মিনাল ও রি-গ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপন করবে সরকার।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে কুতুবজোম ভাসমান এলএনজি টার্মিনাল ও রি-গ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের লক্ষ্যে ‘চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড’ (সিএনইই) কর্তৃক দাখিলকৃত প্রস্তাবটি ‘পাবলিক প্রকিউমেন্ট আইন ২০০০৬’-এর ৬৮ ধারা এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫’-এর ৯২ (২) এবং ১০৭ (২)-এর বিধি মোতাবেক জি- টু-জি পদ্ধতিতে প্রক্রিয়করণ করা হবে।
এছাড়া বৈঠকে চলতি পঞ্জিকা বছরের সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ের জন্য ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ (বিপিসি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের পরবর্তে কমিয়ে ২১ দিন নির্ধারণের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।