Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনালী ব্যাংকের পদোন্নতি নীতিমালা কেন অবৈধ নয়: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৩ ২৩:৩৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১২:৩২

ঢাকা: সোনালী ব্যাংকের পদোন্নতি নীতিমালা-২০২২ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

এর আগে, রোববার (১৬ এপ্রিল) মেধা ও যোগ্যতার চেয়ে জ্যেষ্ঠতাকে প্রাধান্য দিয়ে ‘সোনালী ব্যাংকের পদোন্নতি নীতিমালা, ২০২২’ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

বিজ্ঞাপন

সোনালী ব্যাংকের ফার্মগেট আওলাদ হোসেন মার্কেট শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আক্কাস আলীসহ ৭৯ কর্মকর্তা এ রিট দায়ের করেন।

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের গত ২৮ ফেব্রুয়ারির সভায় নতুন নীতিমালার অনুমোদন হয়। সেখানে বলা হয়েছে, অফিসার থেকে ডিজিএম পর্যন্ত পদোন্নতিযোগ্য প্রার্থীর সংখ্যা তিনগুণের বেশি হলে প্রণীত জ্যেষ্ঠ তালিকা থেকে প্রতিটি শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ তিনজন সাক্ষাৎকারের জন্য বিবেচিত হবেন। এতে ১০০টি শূন্য পদের বিপরীতে কেবল জ্যেষ্ঠ ৩০০ কর্মকর্তা ডাক পাবেন। এর বাইরে অধিকতর যোগ্য হলেও তাদের পদোন্নতির জন্য ডাকা হবে না।

বর্তমানে একই পদে তিন বছর হলেই তিনি পদোন্নতির জন্য সাক্ষাৎকার দেওয়ার যোগ্য হন। সেখান থেকে শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা, কর্মক্ষেত্রে বিশেষ কাজ, ব্যাংকিং ডিপ্লোমা, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। এক্ষেত্রে সার্বিক বিবেচনায় কারও অবস্থান দুর্বল হলে তিনি জ্যেষ্ঠ হলেও পদোন্নতি পান না। এতে সব পর্যায়ে ভালো কাজ করার একধরনের প্রতিযোগিতা রয়েছে।

তবে সোনালী ব্যাংকের চাকরি প্রবিধানমালা ২০১৯ অনুযায়ী, ‘পদোন্নতির ক্ষেত্রে মেধা, কর্মদক্ষতা ও জ্যেষ্ঠতাকে গুরুত্ব দেওয়া হইবে’ এবং ‘কেবল জ্যেষ্ঠতার কারণে কোনো কর্মচারী অধিকার হিসাবে তাহার পদায়ন বা পদোন্নতি দাবি করিতে পারিবেন না’ উল্লেখ রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম