Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী পাচারের অভিযোগ: ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ মে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৩ ১২:৩১

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩১ মে ধার্য করেছেন আদালত। বিদেশে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মামলায় এই প্রতিবেদন দাখিলের কথা ছিলো।

রোববার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহামেদের আদালত শুনানি শেষে এই তারিখ ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেফতার করে সিআইডি।

পুলিশ বলছে, চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্সবারে চাকরি দেওয়ার কথা বলে নারীপাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার রয়েছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌনকর্মে বাধ্য করা হতো।

দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরিকি’ নামে একটি সিনেমায় নৃত্যপরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

সারাবাংলা/এআই/এমও
বিজ্ঞাপন

আরো