Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু: চট্টগ্রামে প্রাণ গেল আরও এক নারীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসের ১৪ দিনে মোট ছয় জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, মৃত মেরিনা আক্তার মুক্তা (৪৬) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত মেরিনা শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর কারণ হিসেবে মেরিনা আক্তার মুক্তার ‘অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম (এআরডিএস) এবং হাইপোভোলেমিক শক এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের ও হাইপারটেনশনের তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদের মধ্যে ১১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ১ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে এবং ৮ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে চট্টগ্রামে মোট ৮২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১১ জন। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আরডি/এনইউ