Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাদুকাটা নদীর পাড় কাটার অভিযোগে ২৫ জনকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলায় অবৈধভাবে সীমান্ত নদী যাদুকাটার পাড় কেটে বালু ও পাথর উত্তোলনের সময় যৌথবাহিনীর হাতে আটক ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ২৫ জনের মধ্যে ছয় জনকে তিন সপ্তাহ অর্থাৎ ২১ দিন এবং বাকি ১৯ জনকে তিন মাস অর্থাৎ ৯০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোর থেকে যাদুকাটা নদীতে পুলিশ, বিজিবিসহ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড় ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে বালু ও পাথর উত্তোলনের সময় ২৫ জনকে আটক করা হয়। পরে বিকালের দিকে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তবর্তী যাদুকাটা নদীর পাড় কাটার অভিযোগে ২৫ আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা নদীতে প্রতিনিয়ত নজরদারি রাখছি। যেই নদীর পাড় কাটবে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সারাবাংলা/পিটিএম