Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেলকর্মী সিয়াম সরদারকে গুলি করে হত্যার অভিযোগের মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেলকর্মী সিয়াম সরদারকে গুলি করে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সিয়াম সরদার (১৭) রাজধানীর মিরপুরের হোটেল রাব্বানীতে চাকরি করতেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডিউটি শেষে বাসায় ফেরার পথে মিরপুর-১০ নম্বরে গুলিতে আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তার বাবা সোহাগ সরদার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৪ জনকে আসামি করা হয়।

এর আগে, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দয়ের করে একটি মামলায় গ্রেফতারের তথ্য জানিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে, সে মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে থাকায় তাকে মিরপুর মডেল থানায় দায়ের করা সিয়াম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

একই মামলায় রোববার রাত ১১টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম