Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৩

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে গরু চোর সন্দেহে পিটুনিতে রাজ্জাক খান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে (১৬ সেপ্টেম্বর) উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাজ্জাক খান নলছিটি উপজেলার ঢাপর গ্রামের শাহজাহান খানের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে ট্রলার নিয়ে একদল গরু চোর কুমারখালী পশ্চিম চর এলাকায় সুগন্ধা নদীর তীরে অবস্থান করছিলেন। কয়েকজন একটি বাড়ি থেকে গরু চুরি করতে যায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা টের পেয়ে তাদের ধাওয়া দেন। সোমবার ভোরে রাজ্জাক খানকে আটক করে পিটুনি দেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত রাজ্জাকের সহযোগীরা ট্রলার নিয়ে পালিয়ে যান। ওই ঘটনার পর ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

নিহত রাজ্জাক খানের স্ত্রী পাখি বেগম জানান, তার স্বামী চোর নন। তিনি বরিশালের কালিজিরা এলাকায় শ্রমিকের কাজ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দুটি সন্তান রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনইউ