Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যে সংস্কারে মানুষ দীর্ঘমেয়াদি সুফল পাবে, আমরা তা করতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬

বিটিআরসিতে রোববার মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: মন্ত্রণালয়

ঢাকা: গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় যে সংস্কার করলে মানুষ দীর্ঘমেয়াদি সুফল পাবে, সে সব সংস্কার করতে চান বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল নায়ক এ দেশের জনগণ ও সাধারণ শিক্ষার্থী। তাদের আন্দোলনের ফলেই আমি বেঁচে আছি। সাধারণ মানুষরাই রাজপথে নেমে এসে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমি আজ সেই জনগণ এবং আন্দোলনে শহিদ ও হতাহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

বিজ্ঞাপন

১৬ বছর ধরে বাংলাদেশ স্বৈরাচারী ব্যবস্থায় ছিল উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, সেই ব্যবস্থার হাত থেকে সমাজের কোনো স্তর বা অংশই রেহাই পায়নি। বিটিআরসিতে গত ১৬ বছর নানা সমস্যা ছিল, যেগুলো সমাধান করা হয়নি। অনেক দুর্নীতির কথা শোনা যাচ্ছে। বিটিআরসি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কারণ গোটা রাষ্ট্রব্যবস্থা এই অব্যস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সে জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই।

উপদেষ্টা বলেন, এ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এতে সারা দেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সবার মধ্যে একটি ধারণা জন্মেছে যে আমরা এখনই পারব নতুন বাংলাদেশ গড়ে তুলতে। সেই কাজটি আমাদের করতে হবে।

ব্যক্তিকেন্দ্রিক কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আমাদের দেশে মূল সমস্যা হলো— দেশের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে ওঠেনি। প্রাতিষ্ঠানিক কোনো সিস্টেম ডেভেলপ হয়নি। প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে উঠলে কোনো ব্যক্তি চাইলেও তার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব হতো না। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার চর্চা হয়েছে। এখানে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ব্যক্তির ক্ষমতা প্রয়োগের চর্চা করা হয়েছে। এক ব্যক্তিকেন্দ্রিক এ কাঠামোর নীতি ও আইন যদি আমরা সংস্কার করতে না পারি, তাহলে আমূল পরিবর্তন বলতে আমরা যা বুঝি তা কখনোই আসবে না।

বিটিআরসি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো হয়েছে, গুম করা হয়েছে। এসবের সঠিক তথ্য আমরা এখনো পাচ্ছি না। আমাকেও গুম করা হয়েছিল। কিন্তু ভাগ্যের কী পরিহাস, আজ আমি সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সেখানেই দাঁড়িয়ে কথা বলছি!

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা যেন পেছনে ফিরে না যাই। আমি বিশ্বাস করি, বাংলাদেশ আর পেছনে ফিরবেও না। আমরা দেখতে পাচ্ছি, তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশ দেখতে চায় বা রাষ্ট্রব্যবস্থায় তারা যে পরিবর্তন চায় তা অনেকেই মেনে নিতে পারছে না। তাই মানসিকতা পরিবর্তন করে সবাইকে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে কেউ চাইলেই আর সে আকাঙ্ক্ষার বাইরে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময়ের সময় বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর