Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোশাক কর্মীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় তৈরি পোশাক খাতের কর্মীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বাসের অধিকাংশ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত পোশাক খাতের কর্মীদের বহনকারী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বাসে থাকা বেশির ভাগ কর্মীই আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি ইব্রাহিম। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার বলেন, আহতদের সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগেই দুই নারী পোশাক কর্মী মারা গেছেন।

সারাবাংলা/টিআর