Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৩৩

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূলহোতা মো. নাছির ও তার সহযোগী এনামকে দুটি দেশীয় তৈরি বন্দুকসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভপাড়ার আব্দুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) এবং একই ইউনিয়নের মাইজপাড়ার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

আবুল কালাম বলেন, চকরিয়া উপজেলার কাহারিয়াঘোনা এলাকায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত কয়েকজন আসামি অবস্থান করছে এমন খবরে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দেশীয় তৈরি দুইটি বন্দুক ও তিনটি গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার তথ্য স্বীকার করেছেন। গ্রেফতারদের মধ্যে নাছির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিমকে গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় তাকে সহযোগিতা করেন এনামুল হক।

তাদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। এরপর বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশ সদস্য ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে চকরিয়া থানায় দুটি মামলা করেন।

টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।

সারাবাংলা/ইআ