চতুর্থ দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। পঞ্চম দিনের শুরুতে মোমিনুল হককে হারালেও সাদমান-শান্ততে বেশ স্বস্তির সাথেই এগিয়ে যাচ্ছিলেন তারা। তবে লাঞ্চের আগের এক ঘণ্টায় বুমরাহ-জাদেজার দুর্দান্ত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। লাঞ্চের আগেই ১৪৬ রানে অলআউট হয়ে হারের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ভারতের দরকার ৯৫ রান।
দিনের শুরুতেই মোমিনুলকে হারায় বাংলাদেশ। ২ রান করা মোমিনুল অশ্বিনকে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে রাহুলের হাতে তালুবন্দি হন তিনি। এরপর চতুর্থ উইকেটে শান্ত-সাদমানে দারুণভাবেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। এই জুটি তোলে ৫৫ রান। এই সময়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন সাদমান।
শান্তকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন জাদেজা। ১৯ রান করা শান্ত রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন। এরপরেই শুরু হয় বাংলাদেশি ব্যাটারদের যাওয়া আসার মিছিল। তিন রানের মাঝে ফেরেন লিটন, সাকিব ও সাদমান। সাদমান ৫০ রান করে আকাশদীপের বলে জসওয়ালের হাতে ক্যাচ দিয়েছেন। লিটনকে ১ রানে ও সাকিবকে ০ রানে ফেরান জাদেজা।
পরের কাজটা সেরেছেন বুমরাহ। এক মুশফিক এক প্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন। তার ৩৭ রানের সুবাদেই লিড ৯০ পেরিয়েছে। শেষ পর্যন্ত লাঞ্চের আগের শেষ বলে বুমরাহর বলে মুশফিক বোল্ড হলে ৯৪ রানের লিড নিয়েই থামে বাংলাদেশের ইনিংস। বুমরাহ ও জাদেজা ৩টি করে উইকেট নিয়েছেন।
৫ম দিনে এখনো ৬২ ওভারের খেলা বাকি। জিততে হলে ভারতকে করতে হবে ৯৫ রান।