আগেই সিরিজ জয় নিশ্চিত করা ভারত সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে। হায়দরাবাদের টি-২০ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে শুধু হোয়াইটওয়াশই করেনি ভারত, গড়েছে বেশ কয়েকটি রেকর্ডও।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের উপরে তাণ্ডব চালিয়েছেন ভারতীয় ব্যাটাররা। স্যামসনের সেঞ্চুরি ও সূর্যকুমার-পান্ডিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯৭ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশের মাঝে এটিই সর্বোচ্চ স্কোর। সব মিলিয়ে এটি আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা ৩১৪ রানের ইনিংসটাই আছে সবার উপরে।
এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা বাউন্ডারি মেরেছে মোট ৪৭টি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ইনিংসে এটাই সর্বোচ্চ বাউন্ডারি। দুই দল মিলিয়ে এই ম্যাচে বাউন্ডারি মেরেছেন ৭০টি। এক ম্যাচে এটি তৃতীয় সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড।
বাংলাদেশের বিপক্ষে ভারতীয় ব্যাটাররা ছক্কা মেরেছেন ২২টি। টি-২০ তে এটি তৃতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে নেপাল-মঙ্গোলিয়া ম্যাচে নেপালের ব্যাটাররা মেরেছিলেন ২৬টি ছক্কা।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে স্যামসান-সূর্যকুমার তুলেছেন ১৭৩ রান। যেকোনো উইকেটে ভারতের হয়ে এটি তৃতীয় সর্বোচ্চ জুটি।
এই ম্যাচে অল্পের জন্য ৩০০ রান ছুঁতে পারেনি ভারত। সব মিলিয়ে টি-২০তে ৩৭ বার ২০০ রান পেরিয়েছে ভারত। টি-২০ ইতিহাসে এটিই কোন দলের সবচেয়ে বেশিবার ২০০ ছোঁয়ার রেকর্ড।