২৯৮ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে তিনি ছাড়া প্রতিরোধ গড়তে পারেননি আর কেউই। হায়দরাবাদে বাংলাদেশের লজ্জার হারের দিনে একাই লড়ে গেছেন তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে হৃদয় বলছেন, টি-২০ ফরম্যাটে আরও উন্নতি করতে হলে ঘরের মাঠে ‘ফ্ল্যাট পিচে’ বেশি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
ভারতের বিপক্ষে সিরিজের ৩ ম্যাচেই ব্যাট হাতে করুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। একই উইকেটে ভারতীয় ব্যাটারদের দাপট দেখা গেছে প্রতি ম্যাচেই। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ২৯৭ রান তুলেছে ভারত। বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ১৩৩ রানে, সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করে লড়াইটা চালিয়ে গেছেন শুধু হৃদয়।
প্রথম দুই ম্যাচ শেষে ভালো পিচে খেলা নিয়ে আক্ষেপের কথা শুনিয়েছিলেন শান্ত, তাসকিন। সিরিজ শেষে সেই একই কথাই বললেন হৃদয়ও, ‘পুরো সিরিজে সব জায়গাতেই ঘাটতি ছিল। একদিন বোলিং ভালো হয়েছে তো ব্যাটিং ভালো হয়নি, ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি। আমাদের ২-৩ বিভাগেই অনেক উন্নতির জায়গা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এমন উইকেটে খেলি না। এমন ফ্ল্যাট পিচে আমরা খেলে অভ্যস্ত না। যখন আস্তে আস্তে খেলতে থাকব তখন দিন দিন আমাদের উন্নতি হবে। আমি যদিও পিচের অজুহাত দিচ্ছি না। তবে খেয়াল করলেই দেখবেন আমরা এমন উইকেটে কম খেলি। আশা করি যত খেলব ততো অভিজ্ঞতা বাড়বে। এক্সিকিউশনও আরও ভালো হবে।’
আইপিএলের মতো আসন্ন বিপিএলেও ব্যাটিং বান্ধব উইকেট চান হৃদয়, ‘বিপিএলের সাথে আইপিএলের তুলনা করছি না। শুধু উইকেটের চিন্তা করলেই তো হবে না, স্কিলের উন্নতিও করতে হবে। তবে ভালো উইকেট পেলে উন্নতি ধীরে ধীরে হবেই। আমরা ভালো করার প্রত্যাশাই করছি।’