ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে সাকিব আল হাসান জানিয়েছিলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই এই ফরম্যাটকে বিদায় বলতে চান তিনি। তবে নিরাপত্তা ইস্যুতে সাকিবের দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। শেষ পর্যন্ত সাকিব দেশের মাটিতে অবসর নিতে পারবেন কিনা সেই শঙ্কাও করছেন অনেকেই। এসবের মাঝেই বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো বাধা দেখছেন না তিনি।
হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন, এই শঙ্কা থেকেই খুব সম্ভবত সাকিব তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অবসরের ঘোষণা দেওয়ার সংবাদ সম্মেলনেই। এরপর বিসিবি ও সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার এই ইস্যুতে নানা বক্তব্য দেওয়া হলেও এখনো সাকিবের পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট শুরুর আর দুই সপ্তাহ বাকি থাকলেও শেষ পর্যন্ত সাকিব দেশে ফিরবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
আজ আসিফ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের দেশের ফেরায় তিনি কোন বাধা দেখছেন না, ‘একজন ক্রিকেটার, তিনি বাংলাদেশের নাগরিক। তিনি খেলবেন দেশে এসে, এখানে তো আমি কোন বাধা দেখি না। তবে দেয়াল লিখন, সোশাল মিডিয়াতে যা দেখেছি, এটা আসলে আবেগের ব্যাপার।’
সাকিবের দেশে ফেরার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ জানিয়েছেন অনেকেই। আসিফ বলছেন, কারো নিরাপত্তা যেন হুমকিতে না পড়ে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, ‘যারা প্রতিবাদ করেছেন তাদেরও অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার আছে যেকোনো মুভমেন্ট করার। তবে এক্ষেত্রে আমার চাওয়া কারো নিরাপত্তা যেন হুমকির মুখে না পড়ে।’
সাকিবের বিরুদ্ধে মামলা থাকলেও সেই ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নন আসিফ, ‘যদি আইনগত কোন বিষয় থাকে, তাহলে সেটা আইনের গতিতে চলবে। এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারি না। তবে নিরাপত্তার ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশ ভালো রাখতে হবে। নাহলে বাইরের দেশগুলো বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে নিরাপত্তার অভাব অনুভব করবে। সাকিবের দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না। আইনের ব্যাপারটা আইন মন্ত্রণালয় বলতে পারবে। আমি এই ব্যাপারে বিশেষজ্ঞও না, মন্ত্রণালয়ের দায়িত্বেও নেই।’