ঢাকা: আসছে শীত মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয় এবং এ সকল মন্ত্রণালয়ের অধীনে থাকা দফতর, অধিদফতরগুলোকে এসি ব্যবহার পরিহার করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সই করা বার্তায় বলা হয়, আপনারা অবহিত আছেন যে, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে আগামী নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়গুলো ও তাদের আওতাধীন দফতর, সংস্থা, কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
বার্তায় আরও বলা হয়, প্রধান উপদেষ্টা এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য, এরইমধ্যে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছিল।