Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন নিরাপদ: বস্ত্র ও পাট উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৬:৫৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:০৬

বস্ত্র ও পাট এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত।

ঢাকা: বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন নিরাপদ।

সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র ও পাট এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত করেন। ওই সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও দীর্ঘমেয়াদি লীজের মাধ্যমে বন্ধ হয়ে পরে থাকা মিলগুলোকে উৎপাদনে নিতে চাচ্ছি। গতকাল প্রাণ গ্রুপকে লীজের মাধ্যমে দুটি মিল হস্তান্তর করেছি। প্রাথমিকভাবে ৩০ বছরের জন্য দিলেও পরে সময়সীমা বৃদ্ধি করার সুযোগ থাকে। প্রতিটা মিলের যোগাযোগ ব্যবস্থা ভালো। বিনিয়োগকারীর জন্য লীজ প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রক্রিয়া উন্মুক্ত।

বিজ্ঞাপন

এছাড়া নৌখাতে বিশেষ করে ডকইয়ার্ড ও জাহাজ নির্মাণ শিল্পে অপার সম্ভাবনা আছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা যৌথ উদ্যোগ নেয়ার মাধ্যমে এখানে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।

বস্ত্র ও পাট এবং জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া উভয় দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কোরিয়া এ দেশের অন্যতম উন্নয়ন অংশীদার। কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রকল্প মন্ত্রণালয়ে চলমান আছে। দেশে বিভিন্ন খাতে অনেক কোরিয়ার মানুষ কাজ করছে।

কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জানায়, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক আছে। কোরিয়া বাংলাদেশের অন্যতম পাট আমদানীকারক দেশ। প্রতিনিধিদল খুলনাতে অবস্থিত মিল সরাসরি পরিদর্শনের আগ্রহ জানায় এবং এ ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতার কথা বলেন। বস্ত্র ও পাট উপদেষ্টা সভাতে উপস্থিত মন্ত্রণালয়ের সচিবকে পরিদর্শনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করার নির্দেশ করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/ইআ