Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাটের গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: কৃষি উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ২১:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০২:২৬

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট

ঢাকা: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সরকার পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে। সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গবেষক ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা পাটের তৈরি পণ্য সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব উল্লেখ করে বলেন, ‘পাটের ভবিষ্যত অবশ্যই আছে, এর বহুল ব্যবহার করার সুযোগ রয়েছে। অন্যদিকে পাট শাক, পাটের চাও খাওয়া যায়।’

পাট ও পাটজাত দ্রব্য রফতানি করে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এখন আর আগের মতো পাট চাষ হয় না। কৃষক অন্য ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে। তাই কিভাবে পাটের উৎপাদন বাড়ানো যায়, আজকে এ সম্পর্কে বিজ্ঞানীদের সাথে আলোচনা হয়েছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত ৫৬ ধরনের পাটের জাত আবিষ্কার করেছেন। আশা করি তারা এ বিষয়ে সফল হবেন।

বিজ্ঞাপন

সরকার পলিথিন ব্যবহার বন্ধে শক্ত অবস্থানে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে বাজারে পলিথিনের ব্যবহার অনেক কমে গেছে। আগামীতে পুরোপুরিই বন্ধ হয়ে যাবে, হয়তো কিছু সময় দিতে হবে। পলিথিন বন্ধ করে এর বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ বাজারজাতের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধরনের পাটের ব্যাগ নমুনা হিসেবে তৈরি করা হয়েছে। এখন চেষ্টা করা হচ্ছে, কিভাবে কম দামে পাটের ব্যাগ সরবরাহ করা যায়।’

মতবিনিময়কালে কৃষি উপদেষ্টা পাট বীজ উৎপাদন বাড়ানো, সাশ্রয়ী মূল্যে পাটজাত দ্রব্য সরবরাহের উপায় খোঁজা, কৃষকদের জন্য পাটচাষ লাভজনক করার উপর গুরুত্ব দিয়ে কাজ করার জন্য বিজ্ঞানী ও কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে উপদেষ্টা ইনস্টিটিউট এর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই