Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফের ফাইনালের আগে দেশবাসীর দোয়া চাইলেন সানজিদা

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৬:৪০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৪১

সাফ শিরোপা হাতে সানজিদা

সেমিতে ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। ৩০ অক্টোবর নেপালের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল। ফাইনালের আগে বাংলাদেশ ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সানজিদা আক্তার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আগামীকাল স্বাগতিক নেপালের বিপক্ষে সাফের ফাইনালে খেলবে বাংলাদেশ। ফাইনালের আগে সানজিদা তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, স্বপ্নের ফাইনালের আগে গতবারের শিরোপা জয়ের কথা মনে পড়ছে সবার, ‘২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিলো প্রথম, আমাদের জন্যও ছিলোও অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিলো, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।’

বিজ্ঞাপন

সানজিদা এবারো শিরোপা জয়ের ব্যাপারে প্রত্যয়ী, ‘আগেরবার যেটি ছিলো প্রথমবার অর্জনের চেষ্ঠা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।’

শিরোপা জিতে আবারো ছাদখোলা বাসে উদযাপনের স্বপ্ন দেকছেন সানজিদা, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেরণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

সারাবাংলা/এফএম