Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের অমুসলিম শাখার সভাপতি বলায় মামলা করছেন গোবিন্দ চন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ২২:৫৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:২৬

গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ছবি সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অমুসলিম শাখার সভাপতি হিসেবে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নাম বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) গোবিন্দ চন্দ্র সারাবাংলাকে বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিকভাবে আমাকে হেয় করার চেষ্টার বিরুদ্ধে আগামীকাল (বুধবার) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করব। যদিও গতকাল বলেছিলাম আজ মামলা করব। তবে মামলা দায়েরের জন্য সব কাগজপত্র প্রস্তুতের কাজ শেষ হয়নি। আশা করছি এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদসহ সমস্ত কাগজপত্র সংযুক্ত করে আগামীকাল (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করতে পারব।’

বিজ্ঞাপন

এর আগে, গতকাল (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অমুসলিম শাখার সভাপতি বলা সাইবার সন্ত্রাসীদের কর্মকাণ্ড বলে দাবি করেন তিনি।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক সারাবাংলাকে বলেন, ‘একটি সাইবার গোষ্ঠীর অপপ্রচারের শিকার হয়েছি। আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না, এখনো নেই। আমাকে সামাজিকভাবে হেয় করতে এমন অপপ্রচার চালানো হচ্ছে। আমি এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন: আমি জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সভাপতি নই: গোবিন্দ চন্দ্র প্রামাণিক

আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়ে গোবিন্দ আরও বলেন, ‘অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব। এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।’

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু মহাজোটের প্যাডে লেখা যে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে তাতে গোবিন্দ বলেছেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি সাইবার সন্ত্রাসী চক্র বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অমুসলিম শাখার সভাপতি হিসেবে আমার নাম ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার করছে।’

‘প্রকৃতপক্ষে আমি কখনোই জামায়াতে ইসলামী অমুসলিম শাখার সভাপতি বা কোনো সদস্য ছিলাম না; এখনো নেই। শুধু তাই নয়, আমি কখনো কোনো রাজনৈতিক দলেরই সদস্য বা সমর্থক ছিলাম না, এখনো নেই। আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি ধর্মীয়, সামাজিক, অরাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব,’— বলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

তিনি আরও বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয় করা, মানমর্যাদা ও সম্মান নষ্ট করা এবং আমার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দেশের বিভিন্ন শ্রেণির মধ্যে বিশৃঙ্খলা তৈরির জন্য একটি সাইবার সন্ত্রাসী চক্র জামায়াতে ইসলামীর ভুয়া প্যাড ও সই ব্যবহার করে এই মিথ্যা প্রচারণা করছে।’

গোবিন্দ চন্দ্র বিজ্ঞপ্তিতে আরও বলেন, ‘এ বিষয়ে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। সাইবার সন্ত্রাসী গ্রুপকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি বিধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম