Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নঈম-ফরিদা-শাবান-সন্তোষসহ ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ০৩:৪১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১১:৪৯

(বাঁ থেকে) নঈম নিজাম, ফরিদা ইয়াসমিন, শাবান মাহমুদ ও সন্দোষ শর্মা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, দিল্লিতে সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এবং দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মাসহ ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসব তথ্য চেয়েছে।

এরই মধ্যে এই ২৮ সাংবাদিকের বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়ে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে বিএফআইইউ। চিঠিতে ২৮ সাংবাদিকের নামে কোনো ব্যাংকের লকার, সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ডসহ অন্যান্য কোনো আর্থিক উপকরণ রয়েছে কি না কিংবা টাকাপয়সার লেনদেন হয়েছে কি না— এসব তথ্য ছক আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির আলোকে বিএফআইইউ ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি দিয়ে সাংবাদিকের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য সরবরাহে নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে যে ২৮ সাংবাদিকের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের হেড অব নিউজ জায়েদুল হাসান পিন্টু, সমকালের সম্পাদক আলমগীর হোসেন, বাসসের মধুসূদন মণ্ডল, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, এটিএন নিউজের জ ই মামুন, বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবীর, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল ও চিফ রিপোর্টার জুলকারনাইন রনো, ডিবিসির মাসুদ আইয়ুব কার্জন, আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মইনুল ইসলাম।

তালিকায় আরও রয়েছেন— সাংবাদিক ফরাজী আজমল হোসেন, বৈশাখী টিভির অশোক চৌধুরী, ইডির নির্বাহী সম্পাদক রাহুল রাহা, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজ টোয়েন্টিফোরের ডেপুটি চিফ নিউজ এডিটর আশিকুর রহমান শ্রাবণ, যুগান্তরের বিশেষ প্রতিনিধি (সাবেক) আবদুল্লাহ আল মামুন, স্বদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক রফিকুল ইসলাম রতন, দৈনিক মুখপাত্রের সম্পাদক শেখ জামাল হোসেন, ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি তাওহিদুল ইসলাম সৌরভ, যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশীদ, সাংবাদিক শ্যামল সরকার, দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের এবং দৈনিক কালবেলার সম্পাদক ও প্রশাসক সন্তোষ শর্মা।

সারাবাংলা/জিএস/টিআর