Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জবি শিক্ষার্থীদের স্লোগান উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে নয়’

জবি করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২৩:৪৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:০৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন। সারাবাংলা ফাইল ছবি

‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’— স্লোগানটি অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে ইঙ্গিত করে দেওয়া হয়নি বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ও সংগঠকরা। তারা বলছেন, স্লোগানটি মূলত দুর্নীতিবাজ ঠিকাদার ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) জবির কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এক সাংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

আন্দোলনের সংগঠক এ কে এম রাকিব বলেন, জবি দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলন শুরু হওয়ার পর মিছিলের জন্য বিভিন্ন স্লোগান তৈরি হয়। তার অংশ হিসেবে গত ২ নভেম্বর স্লোগান যোগ করা হয়— ‘আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপার’। স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদী আমলে নিয়োগ পাওয়া দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। কারণ গত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণের কাজই করতে পারেনি।

বিজ্ঞাপন

বুধবার সংবাদ সম্মেলন করে জবি শিক্ষার্থীদের স্লোগানের ব্যাখ্যা দেওয়া হয়। ছবি: সারাবাংলা

রাকিব আরও বলেন, প্রকল্পের মেয়াদ চার বার বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি তারা। বরং নিজেদের পকেট ভারী করাসহ রীতিমতো পুকুর চুরি করেছে। ফলে এ স্লোগানের মাধ্যমে কোনোভাবেই উপদেষ্টা নাহিদ কিংবা এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি।

‘কিন্তু দুঃখের বিষয়, সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই— আপনারা ঐক্যে ফাটল ধরাতে পারবেন না। আমরা দেশের স্বার্থে স্বৈরাচার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এক ও অদ্বিতীয়,’— বলেন জবি শিক্ষার্থীদের এই মুখপাত্র।

এর আগে গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও দ্রুত আবাসন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনের সঙ্গে যুক্তরা বলছেন, শিক্ষার্থীদের স্লোগান গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়। বলা হয়, এসব স্লোগান উপদেষ্টা নাহিদ ইসলাম ও অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়েছে। তবে জবি শিক্ষার্থীরা বলছেন, এসব স্লোগানে কোনোভাবেই বর্তমান সরকারকে ইঙ্গিত করা হয়নি।

সারাবাংলা/টিআর