Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ২১:৫২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২৩:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন কফিল উদ্দিন নামে এক যুবক। তিনি নগরীর নন্দনকানন এলাকার বাসিন্দা।

মামলায় শেখ হাসিনার সঙ্গে উল্লেখযোগ্য অন্য অভিযুক্তরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব, মজিবুর রহমান, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, ডিবির প্রধান হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসীন, জাহিদুল কবির, পরিদর্শক সাজেদ কামাল, এসআই বোরহান উদ্দিন, খাজা এনাম এলাহী ও পাঁচলাইশ থানার সাবেক ওসি সন্তোষ কুমার চাকমা।

বিজ্ঞাপন

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর নিউমার্কেট এলাকায় আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি অন্যরা গুলি করেন এবং ককটেল বিস্ফোরণও ঘটান। এসময় কফিল উদ্দিন নামে ওই যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। সেখান থেকে তিনি নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন।

আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা সারাবাংলাকে জানান, আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় শেখ হাসিনাসহ ১৮৭ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এসআর