Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুজিববর্ষ উদযাপনের নামে ৬ বছরে খরচ ১২৬১ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ২০:৫৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২৩:৪৮

উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ব্যয়ের হিসাব উপস্থাপন

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে মুজিববর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের দফতর ও সংস্থা ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় করেছে। ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ এই ছয় অর্থবছরে উল্লিখিত অর্থ ব্যয় করা হয়।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ অর্থবছরে সব মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দফতর/সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সর্বমোট ১ হাজার ২৬১ কোটি ৫ লাখ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছর থেকে এ সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকার ২০২০–২১ বছরকে মুজিববর্ষ ঘোষণা করেছিল। ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এই বর্ষ উদ্‌যাপিত হয় (১৭ মার্চ ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এক বছর বাড়ানো হয়েছিল)। শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন।

সারাবাংলা/জিএস/পিটিএম