Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মার্কিন রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান অধ্যাপক ইউনূসের

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ০০:৪১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০২:০৭

বুধবার যমুনায় আইআরআই প্রতিনিধি দল সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে। ছবি: প্রধান উপদেষ্টার দফতর

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা দেখার জন্য যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

আইআরআই মূলত রিপাবলিকান পার্টির সঙ্গে আবদ্ধ একটি থিংকট্যাংক। বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে থাকে প্রতিষ্ঠানটি। এর আঞ্চলিক প্রধান স্টিভ চিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্র গোষ্ঠী ও সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন

চিমা বলেন, আইআরআইয়ের অগ্রাধিকার হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে।

চিমা আরও বলেন, আওয়ামী লীগের অধীনে প্রকৃত উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে। এখানে সংস্কার সফল হতে দেখা সবার জন্যই ভালো।

অধ্যাপক ইউনূস বলেন, সরকার গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কার করে তারপর নির্বাচন আয়োজন করবে। নির্বাচনের জন্য ট্রেন এরই মধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে শীর্ষ রিপাবলিকান সিনেটর ও কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন বলে জানান ড. ইউনূস।

বৈঠকে আইআরআই কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআই কান্ট্রি চিফ জোশুয়া রোসেম্বলাম ও বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/টিআর
বিজ্ঞাপন

আরো