Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মামলা করতে গিয়ে গ্রেফতার সাবেক এমপি শাহজাহান ওমর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৩:২৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৫:০৬

গ্রেফতার এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি: সারাবাংলা

বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় উত্তর পিংড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি বাদী হয়ে মামলা করতে গেলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এরপর উপজেলা সদরের শাহজাহান ওমরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও নব্য আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবেন। আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলের পর উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় সাংগর গ্রামে নিজ বাড়িতে অবস্থান নেন। কিছুক্ষণ পর সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে অল্প সময়ের মধ্যে ঝালকাঠির আদালতে তোলা হবে।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘আমি সাংগরে গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছা ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই। কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।’

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো