Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৪:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৩

ঢাকা: পরপর দু’বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি।

সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে দলের প্রস্তাবনা জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

প্রস্তাবনা জমা দেওয়ার পর অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, “বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করার বিষয়ে প্রস্তাব করেছি। জনগণেরর যে আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্টের যে শহীদের রক্তের অঙ্গিকার তার চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যাতে একনায়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা প্রস্তাবনাগুলো দিয়েছি।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আইন বিভাগ, বিচার বিভাগসহ সমস্ত জায়গা আমরা প্রস্তাবনা দিয়েছি। যাতে করে রাষ্ট্রের ভারসাম্য সৃষ্টি হয়।”

এ সময় কমিশন প্রধান আলী রিয়াজ বলেন, “সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারাদেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেওয়া হবে।”

আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিল। কমিশনে ডাকে সাড়া দিয়ে বিএনপি তাদের প্রস্তাবনাগুলো জমা দিল আজ। বিএনপির এই প্রস্তাবনা তাদের ৩১ দফা সংস্কারেরই অংশ।

সারাবাংলা/এজেড/ইআ/আরএস