Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ড শেষে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৫:১৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:১৯

অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী

ঢাকা: রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার এ মামলায় আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলাটি করেন নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান।

সারাবাংলা/কেআইএফ/ইআ