Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অর্থনৈতিক শুমারি ২০২৪ / ৯৫ হাজার কর্মী নিয়ে প্রস্তুত বিবিএস, প্রশ্ন থাকছে ৬৫টি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৪:১৯

ঢাকা : আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী সারাদেশে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর শুমারি করে থাকে সংস্থাটি। ইতোমধ্যেই প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে। এবারের শুমারিতে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করবেন।

শুমারির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ বিবিএস সম্মেলন কক্ষে আয়োজিত ‘অর্থনৈতিক শুমারির ২০২৪’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো
হয়েছে। অনুষ্ঠানে শুমারির উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমান প্রচার ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, ২৭-২৯ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ প্রশিক্ষণে পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয়, জেলা শুমারি সমন্বয়কারী ও মনিটরিং কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এবারের অর্থনৈতিক শুমারিতে ৬৫টি প্রশ্ন
রয়েছে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যেই লিস্টিং এর মাধ্যমে ১ কোটি ২২ লাখ ইউনিট চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে এবং এর বাইরে থেকেও
বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের শুমারিতে প্রথমবারের মতো দেশে কতজন বিদেশী কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন্ ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কর্মরত আছেন এবং নারী-পুরুষ কতজন- সেসব তথ্য তুলে ধরা হবে।

বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন এবং বিশেষ অতিথি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হামিদুল হক ও প্রকল্প পরিচালক এসএম শাকিল আখতার বক্তব্য রাখেন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, অর্থনৈতিক শুমারি সফলভাবে বাস্তবায়নের জন্য বিবিএস-এর সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিসংখ্যান ব্যুরোর প্রতিনিধিরা, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সদস্য এবং স্টেকহোল্ডারদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরমধ্যে শুমারির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ও তথ্য সংগ্রহে সহযোগিতার জন্য প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। যা সফল শুমারি বাস্তবায়নে সহায়ক হবে।

প্রকল্প পরিচালক এসএম শাকিল আখতার বলেন, এই শ্রশিক্ষণের দিক-নির্দেশনা শুমারির সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের দায়িত্ব পালনে আরও সক্রিয় করবে। চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বিভাগীয় ও জেলা শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণ, উপজেলা ও থানা পর্যায়ে জোনাল অফিসারদের প্রশিক্ষণ এবং তালিকাকারীদের প্রশিক্ষণ ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আধুনিক পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য প্রচার এবং অন্যান্য কার্যক্রমও শেষ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য পাওয়া সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

সারাবাংলা/জেজে/আরএস