Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের উসকানি ও মদদে অরাজকতা: হেফাজতে ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৬:৫১ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৩

হেফাজতে ইসলাম বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো: সন্ত্রাসী কার্যক্রমের দায়ে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

একইসঙ্গে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো হেফাজতে ইসলামের আমির ও মহাসচিবের এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকরা সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করেছে। ভারতের উসকানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহিদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘মুসলমানের রক্তখোর ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী এদেশে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্যবাদ কায়েম রাখতে চায়। তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে আছে। সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশটি। ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দুদের প্রতি আমরা জোর আহ্বান করছি।’

‘যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে। আমরা এ ঘটনায় শান্ত ও সংযত থেকেছি বটে, কিন্তু এদেশের মুসলমানদের ধৈর্যের সীমা রয়েছে- তা মাথায় রাখতে হবে,’ – বলেন হেফাজত নেতারা।

সারাবাংলা/আরডি/পিটিএম