Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশানে অপহৃত উদ্ধার, প্রাইভেটকারসহ চক্রের সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৯

ঢাকা: রাজধানীর গুলশান থেকে অপহৃত মো. আইয়ুব খানকে উদ্ধার ও মুক্তিপণ দাবিকারী অপহরণকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রিপন (২৮)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বনানীর হোটেল শেরাটনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, ভিকটিম মো. আইয়ুব খান পেশায় একজন ব্যবসায়ী। তিনি মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে কেনাকাটা করে প্রাইভেটকার যোগে গুলশানের নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে গুলশান-২ এর ৯৮ নম্বর রোড এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোটরসাইকেল যোগে তার গাড়ি থামায়। তারা গাড়ি থেকে ড্রাইভারকে টেনে হিচড়ে নামিয়ে দেয় এবং ভিকটিম মো. আইয়ুব খানকে প্রাইভেটকারসহ অপহরণ করে। পরবর্তী সময়ে মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওই দিন ভিকটিমের স্ত্রী সাহিদা আরোবি ওরফে সুমির অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় একটি নিয়মিত মামলা হয়।

বিজ্ঞাপন

মামলা পর গুলশান থানা পুলিশ ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে তৎপর হয়। এক পর্যায়ে ভিকটিমের স্ত্রীর কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে আসলে রিপনকে বনানীর হোটেল শেরাটনের সামনে থেকে রাত দেড়টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর নয় নম্বর রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এসময় অপর অপহরণকারীরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রিপন মুক্তিপণ আদায়ের জন্য ব্যবসায়ী মো. আইয়ুব খানকে অপরহণ করেছিল মর্মে স্বীকার করেছে।

গুলশান থানার মামলায় গ্রেফতার রিপনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/ইউজে/এইচআই