Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটালের ইকো-সিস্টেমের সম্প্রসারণ জরুরি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২০:০৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২০:০৭

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত আলোচনা সভা।

ঢাকা: জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে দেশের আশাব্যঞ্জক প্রবৃদ্ধি এবং ব্যবসায়িক নতুন উদ্যোগের সাফল্যের জন্য একটি সহায়ক ইকোসিস্টেম প্রয়োজন বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)।

এছাড়াও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো হতে ইক্যুইটি আকারে তহবিল সহায়তা প্রদানের বিষয়টিও এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে। নতুন ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি উদ্ভাবনী কার্যক্রমে অর্থায়নের ক্ষেত্রে প্রচলিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় দক্ষতার অভাব প্রায়ই পরিলক্ষিত হয়, এমতাবস্থায় উদীয়মান ব্যবসায়ী সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নুতন নতুন ব্যবসা সম্প্রসারণে গতি সঞ্চারের সম্ভাবনা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাইভেট ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস-এর সাথে উদ্ভাবনী এসএমই ও স্টার্টআপদের যোগাযোগ স্থাপন; অর্থায়ন প্রতিন্ধকতা নিরসন শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ এসব কথা বলেন। বুধবার (২৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, ‘একজন উদ্যোক্তা হিসাবে উদ্ভাবনের জন্য অর্থায়নে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় নিজেদেরই এগিয়ে আসতে হবে। অর্থায়নের চ্যালেঞ্জ নিরসনে বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিকট প্রাইভেট ইক্যুইটি (পিই) এবং ভেঞ্চার ক্যাপিটাল (ভিসি)-এর কার্যক্রম আরও জনপ্রিয় করার উদ্যোগ গ্রহণ করা আবশ্যক। যদিও অনেকক্ষেত্রে উদ্যোক্তারা পিই ও ভিসি প্রতিষ্ঠান সম্পর্কে অবগত না থাকার কারণে প্রয়োজনীয় ঋণ গ্রহণ করতে পারছেন না।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘এই খাতের বিকাশের জন্য একটি সহায়ক নীতি ব্যবস্থার বাস্তবায়ন প্রয়োজন। সম্প্রতি অনেকই উদ্ভাবনী স্টার্ট-আপ ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসছে, যা একটি ইতিবাচক দিক।’ দেশের সামগ্রিক অর্থনীতির স্বার্থে তাদেরকে শুরু থেকেই সার্বিক সহায়তা প্রদানের মাধ্যমে টিকিয়ে রাখতে তিনি মত প্রকাশ করেন। তিনি বাংলাদেশের তরুণ উদ্ভাবনী উদ্যোক্তাদের তাদের উদ্ভাবিত পণ্যের মেধাসত্ত্বার পেটেন্ট করিয়ে রাখার আহ্বান জানান।

মসলিন ক্যাপিটাল লিমিটেডের হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আশরাফ হোসেন, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ইনভেস্টমেন্ট ম্যানেজার জসিম মোহাম্মদ মিয়া এবং ফিনেগার ফিনটেকের সিইও এমএম এহসান নিজামী অনুষ্ঠানের মুক্ত আলোচনায় অংশ নেন। ৮টি প্রাইভেট ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, ১৪টি স্টার্ট-আপ এবং ২৬টি ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা ওই ফোকাস গ্রুপ আলোচনায় অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই