Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১০:৩৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৩৫

মাছ শিকারের ট্রলার। ফাইল ছবি

কক্সবাজার: সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় দেশটির নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসারে এ ঘটনা ঘটে। রাতে সেন্টমার্টিনের ইউপি সদস্য মো. সৈয়দ আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

গুলিতে আহত জেলে মোহাম্মদ এরশাদ (৪০) টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গলাচিপার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

ইউপি সদস্য মো. সৈয়দ আলম বলেন, বুধবার দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এক পর্যায়ে তারা সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমারের কিছুটা অংশে ঢুকে পড়েন। এ সময় দেশটির নৌবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে। এর এক পর্যায়ে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা জেলেদের লক্ষ্য গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

দ্বীপের বাসিন্দা ও ট্রলারটির অক্ষত অবস্থায় ফেরত আসা জেলে নেজাম উদ্দিন বলেন, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়া হয়। এতে তাদের ট্রলারের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লেগেছে। পরে সেন্টমার্টিনে ফিরে আসার পর তিনি স্থানীয় এক ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ ধরার সময় বাংলাদেশি একটি ট্রলারের জেলেরা ভুলক্রমে সাগরে মিয়ানমার অংশে ঢুকে পড়েন। এ সময় দেশটির নৌ-সেনারা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে এক জেলে গুলিবিদ্ধ হন। তবুও বিষয়টি আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি।

সারাবাংলা/ইআ