Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৩:২৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৩৪

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তখন বাদী পক্ষে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত ঊর্মির জামিন মঞ্জুর করেন।

এর আগে, ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।

বিজ্ঞাপন

মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্‌গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ