Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুগদায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৪:২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মুগদায় লেক থেকে অজ্ঞাত এক কিশোরের পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ১৪ বছর।

ওই কিশোরকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে লেকের কচুরিপানার নিচে রেখে দেওয়া হয়েছিল বলে পুলিশের ধারণা। টি-শার্ট ও সবুজ রঙের হাফ প্যান্ট পড়া ওই কিশোরের মরদেহটি পঁচে ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বুঝা যায়নি।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুগদা গ্রীন মডেল টাউনের ইব্লকের একটি প্লট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে স্থানীয় এক লোক মুগদা গ্রীন মডেল টাউন ই ব্লকের দুই নম্বর রোডের ২৩ ও ২৪ নম্বর প্লটের মাঝামাঝি লেক থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, মরদেহটি লেকের কচুরিপানার নিচে লুকানো অবস্থায় ছিল। দেহটি অনেকটাই পচে ফুলে গেছে এবং পোকা ধরে গেছে। তবে আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে ওই কিশোরকে হত্যার করে গুম করার জন্য কচুরিপানা নিচে লুকিয়ে রেখেছে। পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় সনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/ইআ