Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আওয়ামী লীগ আমলে দায়েরকৃত রাজনৈতিক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৫

ঢাকা : আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সারাদেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

উপ-সলিসিটর সানা মো. মারুফ হোসাইনের সই করা এ-সংক্রান্ত একটি চিঠি সোমবার (০২ডিসেম্বর) সংশ্লিষ্টদের বরাবর পাঠানো হয়।

চিঠিতে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মন্ত্রণালয়ের তৈরি করে দেওয়া নির্ধারিত ছক অনুসারে মামলার তালিকা তৈরি এবং আগামী ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর কিংবা solicitor@lawjusticediv.gov.bd ঠিকানায় তা পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত সময়ে বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে এবং তৎপরবর্তীতে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা (যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা নামে পরিচিত) দায়ের করা হয়। এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না বিধায় চিঠিতে উল্লিখিত ছক অনুসারে উক্ত মামলাসমূহের তথ্যাদি জরুরি ভিত্তিতে পাওয়া একান্ত আবশ্যক।

চিঠিতে আইন মন্ত্রণালয়ের তৈরি করে দেওয়া ছকে ক্রম, সংশ্লিষ্ট জেলার নামসহ আদালতের নাম, মামলার নম্বর, এজাহারকারী/ নালিশকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা এবং এর মধ্যে অজ্ঞাতনামা আসামির সংখ্যা (যদি থাকে), এজাহার/নালিশে উল্লিখিত ঘটনার তারিখ, মামলাটি কোন আইনের কোন ধারায় দায়েরকৃত, মামলাটি কোন পর্যায়ে (তদন্তাধীন, নাকি বিচারাধীন) আছে- সে সংক্রান্ত তথ্য সন্নিবেশ করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, মামলার তালিকা প্রণয়নে বিশেষভাবে যত্নবান ও দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। উল্লেখ্য, প্রাপ্ত মামলার তালিকা মন্ত্রণালয় কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হবে।
সারাবাংলা/ জিএস

সারাবাংলা/জিএস/আরএস