Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএসএমএমইউর উপাচার্য পদে দায়িত্ব পেলেন ডা. শাহিনুল আলম

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ২৩:২৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৪

অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে (একাডেমিক) দায়িত্বরত অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির অস্থায়ী উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদানপূর্বক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়, যা গত ১০ নভেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউ এর উপাচার্য পদটি শূন্য রয়েছে।

বিজ্ঞাপন

এই অবস্থায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ধারা ১৩ অনুযায়ী উপাচার্য পদ শূন্য থাকায় উপ-উপাচার্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসএমএমইউ এর অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. শাহিনুল আলমকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/এসবি/এইচআই