Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৩:১৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৮

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাবের পূর্বের কমিটি বহাল করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আগের কমিটির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অপরপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পতি করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক ও কয়েকটি এজেন্সির স্বত্বাধিকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।

এদিকে হাবের উদ্যোগে ১৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে হাব হাইকোর্টে রিট করে। হাবের রিটের শুনানি নিয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল করে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক।

এরপর আপিল বিভাগ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ/আরএস