Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাস্তা পারাপারের সময় অটোরিকশাচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৮

বরিশাল: ঝালকাঠির রাজাপুরে রাস্তা পারাপারের সময় অটোরিকশাচাপায় সোলায়মান হোসেন (১১) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর ইন্দপাশা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদরাসার ছাত্র।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মাদরাসা ছুটির পর শিশুটি তার ভগ্নিপতির সঙ্গে ঘুরতে যাবে বলে গালুয়া বাজারের রাস্তা পার হতে দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা চাপা দেয় তাকে। পরে ওই অটোরিকশাতেই উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ