Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৭৩

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২১:০৮

ডেঙ্গু ওয়ার্ড, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সারাবাংলা

ঢাকা: শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৯৮ হাজার ৮৭৭ জন।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ৯৬ হাজার ৬৬২ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৪৮ জন।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ২৩৮ জন ও নারী ১৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৪৮ জন। এর মাঝে ৫১.৮ শতাংশ নারী ও ৪৮.২ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩২ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৮৮ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ২০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৩৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এমপি