Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান পূর্ব তিমুরের প্রেসিডেন্টের

সারাবাংলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০৪:১৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা। ছবি: বাসস

তিমুর-লেস্তে তথা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা বাংলাদেশের ব্যবসায়ীদের তার দেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন।

দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারি এবং বাংলাদেশি কোম্পানিগুলোকে তিমুর-লেস্তে আসার জন্য আমন্ত্রণ জানাই। আগামী বছর আমরা আসিয়ানের সদস্য হব এবং সেই সঙ্গে ৭০ কোটি জনগোষ্ঠীর অঞ্চলের অংশ হয়ে উঠব।’

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ও প্রতিনিধি দলের আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট রামোস-হোর্তা বলেন, আগামী বছর তিমুর-লেস্তে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। আমরা আশা করি, বাংলাদেশ আমাদের দেশের উন্নয়নে অংশীদার হবে।

রোববার দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নেলসন ম্যান্ডেলা, জন এফ কেনেডি, মহাত্মা গান্ধী, ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভারের মতো বিশ্বনেতাদের সঙ্গে তুলনা করেন রামোস-হোর্তা। বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস বিশ্বের অন্যতম সম্মানিত নেতা, যিনি এখনো সক্রিয়ভাবে অফিসে কাজ করছেন।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আরও বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান, খুবই ভাগ্যবান যে এমন একজন নিরহঙ্কার ও বিনয়ী মানুষ দেশের নেতৃত্বে রয়েছেন। তিনি আপনাদের তরুণদের সঙ্গে কাজ করছেন দেশের পরিববর্তনের জন্য।’

বাংলাদেশ ও তিমুর-লেস্তের জনগণের ভোগান্তির ইতিহাস প্রায় একই রকম বলে উল্লেখ করেন তিমুর-লেস্তের প্রেসিডেন্ট। অধ্যাপক ইউনূসকে নিজের ভাই, বন্ধু ও পরামর্শক উল্লেখ করে তিনি বাংলাদেশ সরকারকে তাকে আতিথেয়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। বলেন, এখানে এসে তিনি সম্মানিত বোধ করছেন।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শনিবার রাত ১০টা ৪০ মিনিটে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তাকে গার্ড অব অনার ও গান স্যালুটের মাধ্যমে অভ্যর্থনা জানান। বাসস।

সারাবাংলা/টিআর