Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইজতেমা যথাসময়ে হবে, সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯

মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

মুন্সীগঞ্জ: ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটিয়ে যথাসময়ে ইজতেমা হবে। এ ছাড়া সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, ‘ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ এবং জুবায়ের দুই পক্ষই গতকাল আমাদের সাথে প্রেস ব্রিফিংয়ে ছিল। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে তাদের দমন করা হবে।’

বিজ্ঞাপন

যেকোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্টের পর প্রায় ১৮৫ জন কাজে যোগ দেয়নি, এ সংখ্যা নগন্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এ ছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনীও রয়েছে। নির্বাচনসহ যেকোনো অবস্থা মোকাবিলা করতে কোনো অসুবিধা হবে না।’

সভায় অন্যান্যদের মধ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই