Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘স্পিরিটস অব জুলাই’ কনসার্টে ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:১২

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের আয়োজনে আর্মি স্টেডিয়ামে আগামী ২১ ডিসেম্বর একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এই আয়োজনে আর্মি স্টেডিয়ামের কোনো ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী।

ওই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহিদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে জমা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আইএসপিআর ওই কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবে নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে ধানমন্ডি ও ফার্মগেটের দিক থেকে আগত বিমানযাত্রী বহনকারী যানবাহনসমূহ বিমানের টিকিট প্রদর্শন সাপেক্ষে জাহাঙ্গীর গেইট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সিএমএইচ হয়ে জিয়া কলোনী দিয়ে বিমানবন্দরে গমন করতে পারবে।

বিজ্ঞাপন

এছাড়াও, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সমূহকে একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে। উল্লেখ্য, এই বিশেষ সুবিধাটি আগামী ২১ ডিসেম্বর বেলা ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য, মহতি এই উদ্যোগকে সফল করতে কনসার্ট উপলক্ষ্যে আর্মি স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ভাড়া গ্রহণ করবে না।

সারাবাংলা/ইউজে/এসআর