Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যানজট এড়াতে অফিসের কাছাকাছি বাসা নেওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৯:১৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২১:১৯

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা: যাদের বাসা থেকে অফিসের দূরত্ব অনেক বেশি, যানজট এড়াতে তাদের অফিসের কাছাকাছি বাসা নেওয়ার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ‘অফিসের কাছে বাসা হলে গাড়ি ব্যবহার করা লাগবে না, যানজটেও পড়তে হবে না। পায়ে হেঁটে বাসা থেকে অফিসে যেতে পারবেন। এর ফলে গাড়ি ও অটোরিকশা কমে আসবে এবং যানজট কমে আসবে।’

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, একটি শহরের রাস্তা থাকার কথা ২৫ শতাংশ। সেখানে ঢাকা শহরে রাস্তা আছে মাত্র ৭ শতাংশ। তাই এই শহরে নানা সমস্যা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

অনবরত হর্ন বাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সব ধরনের গাড়িচালকরা সমানে হর্ন বাজাতে থাকেন। হর্ন দিয়ে কান ফাটায়ে ফেলেন। স্কুল-কলেজ এমনকি হাসপাতালের সামনে সমানে হর্ন দেওয়া হয়। এই হর্ন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তবে ব্যবস্থা আমি নেব। ইতোমধ্যে সরকারের সঙ্গে আলোচনা করেছি ও চিঠি দিয়েছি। পরিবেশ ও সড়ক আইনে পরিবর্তন এনে স্পটেই হর্ন বাজানো চালকদের বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্টরা মামলা দেবে।’

থানায় মামলা ও সাধারণ ডায়েরির বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার বলেন, থানায় অফিসারদের বলেছি যত খুশি মামলা হয় হোক, সেই দায়িত্ব আমি নেব। কিন্তু কোনো নাগরিক থানায় যেয়ে যেন না বলে পুলিশ মামলা নেয়নি। যে অপরাধ হবে সেই অপরাধে মামলা হবে। এর অন্যথা আমি মেনে নেব না। আমার মেসেজ একটাই একটি থানায় ৫০০ মামলা হোক কোনো সমস্যা নেই; কিন্তু মানুষ অপরাধের স্বীকার হলে মামলা করতে হবে। কোনো মামলা হাইড (লুকানো) যাবে না। সব ঘটনা মামলায় লিপিবদ্ধ করতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও রমনা থানা এলাকার নাগরিকরা ডিএমপি কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। ডিএমপি কমিশনার উপস্থিত সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ডিএমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় জানান।

সারাবাংলা/ইউজে/এমপি