Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ২০:৫১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০০:০০

রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা অর্জনের অভিযোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

মনসুর রহমান একাদশ জাতীয় সংসদের এমপি ছিলেন। দুদকের মামলায় বলা হয়েছে, তিনি ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত সময়ে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন।

ডা. মনসুরের ব্যাংক হিসাবের বিবরণীর সূত্রে বলা হয়েছে, এই সময়ে ডা. মনসুর রহমান তার নামের তিনটি ব্যাংক হিসাবে মোট ২৭টি ভাউচারের মাধ্যমে মোট ছয় কোটি ১০ লাখ টাকা জমা করেন। তিনি এসব অর্থ কীভাবে কোন উৎস থেকে উপার্জন করেছেন, তার সূত্র উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি টিম ডা. মনুসর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসার পর প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে তার বিপুল অবৈধ সম্পদের তথ্য পায় দুদক।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় ডা. মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করা হবে।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে আছেন ডা. মনসুর রহমান। এরই মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা হয়েছে।

এমপি হওয়ার আগে ডা. মনসুর রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। তার বিরুদ্ধে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনবল নিয়োগ ছাড়াও টিআর কাবিখার বরাদ্দ বিক্রির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই উঠেছিল।

সারাবাংলা/টিআর