Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ’

স্পেশাল করেসপডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:১২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫

রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সোয়ানুর জামান নয়নের বাড়িতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ ডিসেম্বর) রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর রহমান নয়ন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের লোকজন তাদের জীবনবাজি রেখে আগুন নেভাতে কাজ করেছে। সোয়ানুর জামান নয়ন তার মধ্যে অন্যতম। চলমান স্বাধীনতা রক্ষার অন্যতম শহিদ হচ্ছেন সোয়ানুর জামান নয়ন। দেশের স্বার্থে নিজের জীবনবাজি রেখে শহিদ হয়েছেন নয়ন।’

সোয়ানুর জামান নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও, বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে। এখনও দেশের সকল গুরুত্বপূর্ণ জায়গায় হাসিনার দোসরগুলো আছে। তারা চক্রান্ত করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্পিরিট অক্ষুন্ন রাখতে এখনও সোহানুর জামান নয়নরা জীবন দিয়ে যাচ্ছে।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা ও তার পুত্র জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ দিয়েছে এফবিআই। আরও কত দুর্নীতি করেছে হাসিনা ও তার দোসররা আল্লাহ জানে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই