Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্টনে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৭

রহস্যজনক মৃত্যু। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্টনের একটি বাসায় লিমা (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘পল্টন এলাকা থেকে এক যুবক ডা. অনন্যা নামে এক নারী ও গৃহকর্তা ওই গৃহকর্মীকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি তারা। ওই গৃহকর্মী ভবন থেকে নিচে পড়ে গিয়েছিল। তবে কীভাবে নিচে পড়ে যায় -তা জানাতে অস্বীকার করেন তারা। ওই গৃহকর্মীর দুই পা ভাঙ্গা ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পল্টন থানা তদন্ত করছে।’

বিজ্ঞাপন

হাসপাতালে গৃহকর্তা খাইরুল কবির জানান, তাদের বাসা পুরানা পল্টন কালভার্ট রোডের ইস্টার্ন রেইনবো টাওয়ারে। ভবনের নয় তলায় স্ত্রী ও ছেলে খারজিন কবিরকে নিয়ে থাকেন। ভবনের ১৪ তলায় মেয়ে ডা. অনন্যা থাকেন। লিমা তাদের বাসায় দেড় বছর যাবৎ কাজ করতেন। নয় তলা ও ১৪ তলায় দুই জায়গাতে মিলিয়েই থাকতেন তিনি।

গৃহকর্তা খাইরুল বলেন, ‘সকাল ১০টার দিকে নয় তলায় আমাদের রুমে নাস্তা দেয় লিমা। এর কিছুক্ষণ পরে আরেক কাজের মেয়ে জানায় লিমাকে খুজে পাওয়া যাচ্ছে না। নিচ থেকে নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন কে যেন উপর থেকে পড়ে গিয়েছে। পরে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই লিমাকে। দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে লিমা কীভাবে নিচে পড়ে গেছে -তা বলতে পারেন নাই।’

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাছান বলেন, ‘পুরানা পল্টনে একটি বাসায় গৃহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঢামেকে আসি। জানতে পারি গৃহকর্মী লিমা পুরানা পল্টনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সকালে ভবনের ১৪ তলা থেকে নিচে দ্বিতীয় তলায় পড়ে যায় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।’

এসআই আরও জানান, ‘বিষয়টি বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিমার বাড়ি ময়মনসিংহ। বাবার নাম মো. নয়ন। তাদেরকে খবর দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ