Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোবাইল সেবায় নতুন সম্পূরক শুল্ক হঠকারি সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২২:০৪

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর ফ্যাসিবাদ সরকারের প্রেতাত্মা ভর করেছে বলে নতুন করে গ্রাহকদের ওপর অনৈতিক সম্পূরক শুল্ক জারি করতে যাচ্ছে- এমন মন্তব্য করেছেন গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সোমবার (৬ জানুয়ারি) গণামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি যে, ভয়েজ কল এবং ইন্টারনেট ডাটা ব্যবহার করার ক্ষেত্রে নতুন করে তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছে এনবিআর। আমরা মনে করি এ ধরনের হঠকারী সিদ্ধান্ত একমাত্র তারাই নিতে পারে যাদের উপর বিগত ফ্যাসিবাদী সরকারের পেতাত্মা ভর করে আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইন্টারনেট সেবায় আমরা বিশ্বের মধ্যে তলানিতে আছি। অন্যদিকে ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে। যেখানে দেশের এখনো ৪৮ শতাংশ জনগণ ইন্টারনেট সেবার বাইরে আছে, সেখানে নতুন করে এই উচ্চ কর হার নাগরিকদের ইন্টারনেট সেবা থেকে বিমুখ করবে, নতুন করে বৈষম্য সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে হাজারো মানুষ প্রাণ দিয়েছে জবাবদিহিতা গণতন্ত্র ও সুশাসনের প্রতিষ্ঠার জন্য। কিন্তু বর্তমান সরকার ও এনবিআর সামাজিক দায়বদ্ধতার বিষয়টি ভুলে গিয়ে রাষ্ট্রের অর্থ যোগানোর জন্য জনগণের পকেট কাটার যে হঠকারি সিদ্ধান্ত নিয়েছে তা অযৌক্তিক ও ফ্যাসিবাদী আচরণ।’

এ ধরনের সিদ্ধান্ত থেকে তাদের সরে আসার আহ্বান জানান মহিউদ্দিন আহমেদ। তা না হলে গ্রাহক ও নাগরিক সমাজ দলমত নির্বিশেষে রাজপথে নামতে বাধ্য হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম