Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০ বছর আগের অস্ত্র মামলায় একজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

চট্টগ্রাম ব্যুরো: ২০ বছর আগে দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় এক ব্যাক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এ রায় দেন।

দণ্ডিত সেন্টু মিয়া (৪৮) কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেইট চেকপোস্টে তল্লাশি করার সময় সেন্টু মিয়ার কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপ পরিদর্শক (এসআই) নূর নবী বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত শেষে ২০০৪ সালের ২৮ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি সেন্টু মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারি ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সেন্টু মিয়াকে আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় সেন্টু উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এমপি