Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশীয় ফ্রিজ, এসি ও মোটরসাইকেল শিল্পে কর বৃদ্ধি, দাম বাড়তে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২২:৫০

ঢাকা: দাম বাড়তে পারে দেশীয় ফ্রিজ, এসি ও মোটরসাইকেলের। খুচরা যন্ত্রাংশসহ পূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার তৈরির প্রতিষ্ঠানের কর্পোরেট কর বৃদ্ধি করে ২০ শতাংশ করা হয়েছে। বর্তমানে এই খাতের কর্পোরেটপ্রতিষ্ঠানগুলো ১০ শতাংশ হারে কর দিতে হলেও নতুন নিয়মে তাদের দ্বিগুণ হারে কর দিতে হবে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, সরকার দীর্ঘদিন ধরেই এ খাতে কর ছাড় দিয়ে আসছে। সাধারণত এসব শিল্প প্রতিষ্ঠানকে ২০ থেকে ২২ শতাংশ কর্পোরেট কর দিতে হয়। এসব শিল্প এখন অনেকটাই স্বাবলম্বী হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় এবং তাদের স্বাবলম্বী করতে এতোদিন তাদের কর হার কমানো ছিল। সেটাই বাড়ানো হয়েছে। মানে কর ছাড় প্রত্যাহার করে নিল এনবিআর।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআরের এই নির্দেশনা ২০২৫-২০২৬ করবর্ষ হতে কার্যকর হবে, যা ২০৩২ সালে ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে।

খুচরা যন্ত্রাংশসহ পূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার তৈরির প্রতিষ্ঠানকে করছাড় দিয়ে ২০২১ সালের ১৯ অক্টোবর এনবিআর থেকে আদেশ জারি করা হয়েছিল। যাতে শর্ত পরিপালন সাপেক্ষে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত কর হ্রাস করে ১০ শতাংশ করা হয়। উৎপাদনের তারিখ হতে এসব প্রতিষ্ঠান তাদের আয়ের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হতো। এর আগে ২০০৯ সাল থেকে এসব খাতকে করছাড় দিয়ে আসছে এনবিআর। সে সময় ৫ শতাংশ হারে কর দিতো হতো।

সারাবাংলা/ইএইচটি/এসআর