Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাসে ৩০০০ টাকা করে সহায়তা পাবেন ঢাবির নারী শিক্ষার্থীরা

ঢাবি করেসপনডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ফেব্রুয়ারি থেকে অনাবাসিক যোগ্য নারী শিক্ষার্থীদের তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৫ই জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাবি উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রম চালুর ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নেই। আবাসন নিশ্চিতে আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি কিন্তু সেটা সময়সাপেক্ষ। কিন্তু শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নিচ্ছি।’

বিজ্ঞাপন

কোষাধ্যক্ষ বলেন, ‘আগামী মাস থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে। এই সহায়তা খুব বেশি না কিন্তু এর ফলে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকারী হবে। যাদের আমরা সিট দিতে পারিনি সবাইকেই এই সহায়তা দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ছাত্রীদের মাসিক ৩০০০ টাকা সহায়তা কার্যক্রম চালুর ঘোষণা ঢাবি কর্তৃপক্ষের

সংবাদ সম্মেলনে ছাত্রীদের মাসিক ৩০০০ টাকা সহায়তা কার্যক্রম চালুর ঘোষণা ঢাবি কর্তৃপক্ষের

এদিকে, অতি দ্রুত নতুন হল নির্মাণ, অস্থায়ী বাঙ্ক বেড স্থাপনের কথাও জানান তিনি। এরই মধ্যে কিছু বাঙ্ক বেড স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীর আলম জানান, আড়াই হাজার নারী শিক্ষার্থীদের থাকার জন্য একটি হল নির্মাণ করে দেওয়ার কথা নিশ্চিত করেছেন চীনের বাংলাদেশ দূত।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, ‘খুব দ্রুত অবকাঠামোগত সুযোগ-সুবিধা তৈরি করা সম্ভব নয়, কিছুটা সময় লাগবে। কিন্তু এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি। আপাতত এই আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থীরা বাইরে কোথাও থাকতে পারেন।’

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. ইকবাল রউফ মামুনসহ নারী শিক্ষার্থীদের হলের প্রভোস্টরা।

সারাবাংলা/এআইএন/এসডব্লিউ